কোবরা ইফেক্ট: ভ্যানিটি মেট্রিক নয়, আচরণ পরিবর্তন হোক মার্কেটিং এর লক্ষ্য

July 26, 2026
Nezam Uddin

ব্রিটিশ আমলে দিল্লিতে বিষধর কোবরা সাপের উপদ্রব অসহনীয় হয়ে উঠেছিল। সমস্যা সমাধানে সরকার একটি বুদ্ধিমান উপায় বের করল: তারা ঘোষণা দিল, মরা কোবরা সাপ জমা দিলে পুরস্কার বা বাউন্টি দেওয়া হবে।

প্রথম দিকে এটি কাজও করল। সাপের সংখ্যা কমতে লাগল। কিন্তু মানুষ তো চতুর! কিছু স্থানীয় লোক বুঝতে পারল যে, মরা সাপ জোগাড় করার চেয়ে সাপ পালন করে বা বাচ্চা ফুটিয়ে তা মেরে পুরস্কার নেওয়া অনেক বেশি লাভজনক। ফলে তারা কোবরা সাপ পালন শুরু করল।

যখন সরকার এই প্রতারণার বিষয়টি টের পেল, তারা সাথে সাথে পুরস্কারের ব্যবস্থাটি বাতিল করে দিল। তখন ওই সাপ পালকরা তাদের পোষা, এখন অকেজো সাপগুলো রাস্তায় ছেড়ে দিল। ফলাফল? আগে যেখানে সাপের উপদ্রব ছিল, এখন তার চেয়েও অনেক গুণ বেশি সাপের উপদ্রব শুরু হলো।

সরকারের উদ্দেশ্য ছিল সাপ কমানো, কিন্তু ভুল ইনসেনটিভ বা প্রণোদনার কারণে ফলাফল হলো ঠিক উল্টো। একেই বলা হয় 'কোবরা ইফেক্ট'।

মার্কেটিংয়ে কোবরা ইফেক্ট কীভাবে কাজ করে?

আমাদের ইন্ডাস্ট্রিতে এই কোবরা ইফেক্ট প্রতিদিন ঘটছে।

ধরুন, বস আপনাকে বললেন, "এই মাসে ১০০ নতুন লিড চাই।" আপনি সেই 'আউটপুট' অর্জনের জন্য এমন একটি ক্যাম্পেইন চালালেন যেখানে "ফ্রি গিফট" বা "অতিরিক্ত ডিসকাউন্ট"-এর লোভ দেখানো হচ্ছে।

ফলাফল কী দাঁড়াল?
১. আপনি ১০০ লিড পেয়ে গেলেন (আউটপুট অর্জিত হলো!)।
২. কিন্তু সেই ১০০ জনের ৯৫ জনই ছিলেন 'ডিসকাউন্ট হান্টার', যারা শুধু ফ্রি জিনিসের জন্য সাইন আপ করেছেন।
৩. তারা আপনার ব্র্যান্ডের প্রতি কোনো আনুগত্য বোধ করে না, একবার ডিসকাউন্ট নিয়েই উধাও।
৪. আপনার সেলস টিম এই সব 'জাঙ্ক লিড' নিয়ে সময় নষ্ট করছে, আর ব্র্যান্ডের ভ্যালু ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে।

আপনি কি লক্ষ্য করেছেন? আপনি চেয়েছিলেন ভালো গ্রাহক, কিন্তু শুধু 'আউটপুট' বা সংখ্যার টার্গেট তাড়া করতে গিয়ে আপনি এমন একটা অবস্থা তৈরি করলেন, যা আপনার ব্র্যান্ডের জন্যই বিষাক্ত হয়ে দাঁড়াল। ঠিক যেমনটা হয়েছিল দিল্লির কোবরা সাপের ক্ষেত্রে।

কেন 'আউটপুট' নয়, 'আচরণের পরিবর্তন' (Behavior Change) হওয়া উচিত লক্ষ্য?

মার্কেটিংয়ের আসল কাজ কোনো পণ্য push করা বা ভ্যানিটি মেট্রিক্স (Vanity Metrics) ফুলিয়ে ফাঁপানো নয়। মার্কেটিংয়ের আসল কাজ হলো মানুষের আচরণে ইতিবাচক এমন পরিবর্তন আনা, যেটা থেকে ব্যবসা "ভ্যালু" extract করতে পারে।

  • আউটপুট ফোকাস বলে: "আমাকে ১০,০০০ ক্লিক দাও।"
  • বিহেভিয়ার চেঞ্জ ফোকাস বলে: "গ্রাহক যেন আমাদের পণ্যটিকে তার দৈনন্দিন সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দেখে এবং বারবার ফিরে আসে।"

যখন আপনি আচরণের পরিবর্তনে ফোকাস করেন, তখন আপনি শুধু একবারের বিক্রি নয়, বরং আজীবনের গ্রাহক (Lifetime Value -LTV) তৈরি করেন। আপনি এমন ইনসেনটিভ ডিজাইন করেন যা মানুষকে আপনার ব্র্যান্ডের সাথে একটি টেকসই সম্পর্ক গড়তে উৎসাহিত করে, কোনো ফাঁকি বা শর্টকাট খুঁজতে নয়।

একজন মার্কেটার হিসেবে আমরা কী করব?

১. ভ্যানিটি মেট্রিক্সের মোহ ত্যাগ করুন: লাইক, শেয়ার, বা জাঙ্ক লিডের সংখ্যা দেখে আত্মতুষ্টিতে ভুগবেন না। প্রশ্ন করুন, "এই সংখ্যাটি কি আমাদের ব্যবসার Actual growth এ অবদান রাখছে?"

২. 'কেন' (Why) প্রশ্নটি জোর দিয়ে জিজ্ঞেস করুন: গ্রাহক কেন কিনছে? শুধু ডিসকাউন্টের জন্য, নাকি সত্যিই আপনার ব্র্যান্ডের ভ্যালুর জন্য? যদি উত্তর প্রথমটি হয়, তবে আপনার স্ট্র্যাটেজি পুনর্বিবেচনা করার সময় এসেছে।

৩. ইনসেনটিভ সঠিকভাবে ডিজাইন করুন: শুধু রেজাল্টের পুরস্কার দেবেন না, সঠিক প্রক্রিয়ায় পুরস্কার দিন। যেমন: শুধু 'নতুন সাইন-আপ' নয়, 'প্রথম মাস শেষেও যিনি অ্যাক্টিভ আছেন', তাকেই রিওয়ার্ড দিন। এতে ফাঁকিবাজি কমবে, আসল আচরণের পরিবর্তন বাড়বে।

৪. ধৈর্য ধরুন: আচরণের পরিবর্তন আনতে সময় লাগে। এটি এক রাতের ভাইরাল ক্যাম্পেইনের চেয়ে ঢের বেশি ধৈর্যের দাবি রাখে, কিন্তু এর ফলাফল হয় দীর্ঘস্থায়ী ও টেকসই।

শেষ কথা

মার্কেটিং কোনো জাদুকাঠি নয়, এটি মানুষের মনস্তত্ত্ব ও অভ্যাস নিয়ে কাজ করার বিজ্ঞান। আমরা যদি শুধু 'আউটপুট' বা টার্গেট নম্বরের পেছনে অন্ধের মতো ছুটি, তবে আমরা নিজেদের হাতেই আমাদের ব্র্যান্ডের জন্য 'কোবরা' সাপের খামার তৈরি করবো।

তাই আগামীবার যখন কোনো ক্যাম্পেইন প্ল্যান করবেন, নিজেকে এই প্রশ্নটি করুন: "আমি কি শুধু একটি রিপোর্টের জন্য সংখ্যা জোগাড় করছি, নাকি সত্যিই আমার গ্রাহকের আচরণে কোনো ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে চাইছি?"

আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে কি কখনো 'কোবরা ইফেক্ট' লক্ষ্য করেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *